Code শব্দের উৎপত্তি (Etymology)
“Code” শব্দটি এসেছে ল্যাটিন “Codex” (কোডেক্স) শব্দ থেকে।
“Codex” বলতে প্রাচীন রোমে এমন এক ধরনের বইকে বোঝানো হতো, যেখানে চামড়া বা কাগজের পাতাগুলোকে বাঁধা হতো। এই বাঁধা বইগুলোতে আইন, বিধি, আদেশ ও গুরুত্বপূর্ণ নথিপত্র লেখা ও সংরক্ষিত হতো।
Codex শব্দের পূর্বতন রূপ ছিল Caudex, যার আক্ষরিক অর্থ ছিল “গাছের কাণ্ড” বা “কাঠের খণ্ড” — কারণ প্রাচীন কালে কাঠকে পাতা হিসেবে ব্যবহার করে বই তৈরি হতো। সময়ের সাথে ‘codex’ শব্দটি আইনের গ্রন্থ বা বিধিসমূহের সংকলন বোঝাতে ব্যবহৃত হতে থাকে।
Code → ল্যাটিন “Codex” → বাঁধা বই বা আইন সংকলন → আধুনিক অর্থে বিধিবদ্ধ আইন বা নিয়মাবলি।
তথ্যসূত্র:
১. Online Etymology Dictionary
২. Merriam-Webster Dictionary
আইন-সংকলন বা বিধিবদ্ধ আইন
বাংলা অনুবাদের ক্ষেত্রে “Code” শব্দটির অর্থ করা হয় বিধি। যেমন: দেওয়ানি কার্যবিধি। আবার ‘rule’ শব্দের অর্থও ‘বিধি’ করা হয়। তবে ‘rule’ শব্দটি ‘code’ শব্দের মতো গভীর তাৎপর্য বহন করে না, বিধায় আইন বিশেষজ্ঞগণ “Code” এর অর্থ ‘বিধি’ করতে নারাজ। তারা মনে করেন ‘আইন-সংকলন’ বা ‘বিধিবদ্ধ আইন-সংহিতা’ হলো এর যথার্থ পরিভাষা।
বিধি শব্দের উৎপত্তি
“বিধি” শব্দটি সংস্কৃত “विधि” (vidhi) থেকে উদ্ভূত, যার অর্থ জ্ঞান, নিয়ম, পদ্ধতি, নির্দেশ বা আদেশ; এটি কাজের নির্দিষ্ট রীতি ও আইন নির্দেশ করে এবং জ্ঞানের ধারাকেও বোঝায়। “विधि” শব্দের মূলধাতু विद् (vid) মানে “জ্ঞান থাকা” বা “জানা”, তাই বিধি হলো জ্ঞানপূর্ণ নির্দেশনা বা নিয়ম, যা প্রাচীন দার্শনিকরা মনে করতেন ঐশ্বরিক শক্তি থেকে উদ্ভূত।
তথ্যসূত্র:
১. Monier-Williams Sanskrit-English Dictionary
২. Apte Sanskrit-English Dictionary
৩. সনাতন ধর্ম ও সংস্কৃত গ্রন্থাবলী
প্রস্তাবনা: ’Code’ এর বাংলা পরিভাষা ‘বিধি’
প্রকৃতপক্ষে ‘বিধি’ শব্দটি ব্যাপক বিস্তৃত। বিধি শব্দটির উৎপত্তিগত বিশ্লেষণ থেকে দেখা যায়, এটি ইংরেজি ‘rule’ শব্দের সরাসরি বাংলা পারিভাষিক নয়।
সুতরাং, আমার চূড়ান্ত প্রস্তাবনা হলো ‘বিধি’ শব্দটি ‘code’ শব্দের কাছাকাছি যথার্থ বাংলা পরিভাষা।
পারিভাষিক প্রস্তাবনা
| English Term | বাংলা পরিভাষা | ব্যাখ্যা |
|---|---|---|
| Code | বিধি | বৃহৎ, কাঠামোবদ্ধ আইন বা বিধিমালা। |
| Rule | বিধান | আইনের নির্দিষ্ট বা স্বতন্ত্র নিয়ম, আদেশ। |
| Rules | বিধিবিধান | বিধির আওতাধীন বিধানসমূহ, যেগুলো একসাথে আইন কার্যকর করে। |
Discover more from আইন অভিধান
Subscribe to get the latest posts sent to your email.
